জ্ঞান অর্জনের পাশাপাশি সততা শৃঙ্খলা দায়িত্ববোধ থাকতে হবে

3

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শিক্ষার্থীদের শুধু বইপুস্তক নির্ভর জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, তাদের নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে গড়ে উঠতে হবে। জ্ঞান অর্জনের পাশাপাশি সততা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের চর্চা করতে হবে। শিক্ষক, অভিভাবক ও সমাজের সম্মিলিত সহযোগিতায় শিক্ষার্থীরা আদর্শ মানুষ হয়ে উঠতে পারবে। গত ১৮ সেপ্টেম্বর বলুয়ারদিঘী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমি ভবনের উদ্বোধন ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেয়র শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে থেকে খেলাধুলা ও সুস্থ বিনোদনে অংশগ্রহণ করার আহবান জানান। তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঠ ব্যবহারের জন্য নিকটস্থ স্কুলের একটি মাঠ সংস্কারে চসিকের পক্ষ থেকে অর্থ বরাদ্দের আশ্বাস দেন। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ করিম সাঈদ। উপস্থিত ছিলেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, প্রকৌশলী কামরুল আহসান, লামা বাজার সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসাইন, বিএনপি নেতা মোহাম্মদ আলী, মো. লিয়াকত আলী প্রমুখ। বিজ্ঞপ্তি