মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে নিহত ২

1

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুই জন নিহত হয়েছেন। গত শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের জোরারগঞ্জে এক নারী এবং সন্ধ্যায় বারইয়ারহাটে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়। গতকাল রবিবার বিকালে যুবকের পরিচয় শনাক্ত করে রেলওয়ে পুলিশ। সীতাকুন্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিকী এসব তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২ টার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় চট্টগ্রামমুখী রেললাইনে খতিজা বেগম (৫৫) নামে এক নারী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খতিজা বেগম সোনাপাহাড় এলাকার একটি দরগা থেকে বাড়ি ফিরছিলেন। তিনি দুর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মোহাম্মদ হানিফের স্ত্রী।
অন্যদিকে একই দিন সন্ধ্যা ৭ টার দিকে বারইয়ারহাট কলেজ গেট এলাকায় ট্রেনে কাটা পড়ে ইমতিয়াজ উল হক রাহাত (২২) নিহত হন। দুর্ঘটনায় তার দেহের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি কাটাছরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাহবুব মাস্টার বাড়ির জসিম উদ্দিনের বড় ছেলে।
সীতাকুন্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিকী বলেন, ‘জোরারগঞ্জের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় খতিজা বেগম ও বারইয়ারহাট কলেজ গেট এলাকায় ইমতিয়াজ উল হক ট্রেনে কাটা পড়ে নিহত হন। খতিজা বেগমের মরদেহ আইনানুগ প্রক্রিয়া শেষে শনিবার বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ইমতিয়াজ উল হকের পরিচয় রবিবার বিকেলে শনাক্ত করা হয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবার এলে লাশ হস্তান্তর করা হবে।’