ট্রলারে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

2

নিজস্ব প্রতিবেদক

সাগরে জেলের ছদ্মবেশে ফিশিং ট্রলারে ডাকাতির ঘটনায় দায়ের হওয়া মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম নিরঞ্জন দাস (৪০)। গত শনিবার সীতাকুন্ড থানার দক্ষিণ ঈদিলপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব বলছে, গ্রেপ্তার আসামি সাগরে মাছ আহরণে যাওয়া ফিশিং ট্রলারে ডাকাতিতে জড়িত সংঘবদ্ধ একটি চক্রের সর্দার।
র‌্যাব জানায়, ট্রলারে ডাকাতির অভিযোগে নগরীর কোতোয়ালি থানায় দায়ের হওয়া ডাকাতি মামলার প্রধান আসামি নিরঞ্জন দাস সীতাকুন্ড এলাকায় অবস্থান করছেন বলে র‌্যাব গোপন সূত্রে জানতে পারে। ওই তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল সীতাকুন্ডের দক্ষিণ ঈদিলপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার নিরঞ্জন দাস সন্দ্বীপ থানার সারিকাইত এলাকার প্রফুল্ল কুমার দাসের ছেলে।
র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন জানান, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য চট্টগ্রাম অঞ্চলের সদরঘাট নৌ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।