রামুতে শিশুকে ধর্ষণের চেষ্টা

1

রামু প্রতিনিধি

কক্সবাজারের রামুতে ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা করেছেন ৪ সন্তানের জনক নুরুল আমিন। ঈদগড় ইউনিয়নের বড়বিল চরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নুরুল আমিন স্থানীয় মৃত নুরুল আলমের ছেলে।
শিশুটিকে গত বৃহস্পতিবার কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে শিশুটির ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসা সম্পন্ন হয়।
শিশুটির পরিবারের সদস্যরা জানান, শিশুটি স্থানীয় নূরানী মাদ্রাসার ছাত্রী। গত বুধবার দুপুরে বাড়ির পাশে খেলা করার সময় যুবক নুরুল আমিন তাকে নাস্তা কিনে দেওয়ার লোভ দেখিয়ে পরিত্যক্ত একটি ঘরের নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করেন। পরে শিশুটি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।
ঈদগড় ইউপি সদস্য মো. রুবেল জানান, তিনি বিষয়টি জানার পর ঘটনাস্থলে যান। আহত শিশুটির খোঁজ খবর নেন এবং পরিবারের সদস্যদের আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন।
পরে শিশুর মা বাদি হয়ে বৃহস্পতিবার রাতে নুরুল আমিনকে অভিযুক্ত করে রামু থানায় এজাহার দায়ের করেছেন। ঘটনার পর থেকে নুরুল আমিন পলাতক রয়েছেন।
রামু থানার ওসি (তদন্ত) মো. ফরিদ জানান, লিখিত এজাহারটি নিয়মিত মামলা হিসেবে রুজু করা হবে। অভিযুক্ত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।